প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ১৮:০২ (শুক্রবার)
লিবিয়ায় প্রবাসী অ’পহ’রণ ও মুক্তিপ’ণ আদায়, সিলেটে যুবক গ্রে প্তা র

ছবি: সংগৃহীত

লিবিয়ায় নারায়ণগঞ্জের এক প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সিলেটের বিয়ানীবাজার থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম ছাদেক আহমেদ (৩০)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাশির গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে তাঁকে সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে জালালাবাদ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

র‍্যাব জানায়, অপহরণের শিকার সুমন মিয়া লিবিয়াপ্রবাসী এবং তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায়। প্রায় আট বছর আগে তিনি লিবিয়ায় যান। সেখানে আবু বক্কর নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। তবে আবু বক্করের পূর্ণ ঠিকানা জানাতে পারেননি সুমন।

২০২৫ সালের জুন মাসে সুমনের পাসপোর্টের মেয়াদ শেষ হলে তা নবায়নের জন্য তিনি আবু বক্করের কাছে দেন। এরপর ১৩ সেপ্টেম্বর সুমন বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ফোন করে জানান, আবু বক্করসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজন তাঁকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

র‍্যাবের তথ্যমতে, সুমনের দেওয়া তিনটি বিকাশ নম্বরে বিভিন্ন সময়ে তাঁর পরিবার মোট ৩ লাখ ১৭ হাজার টাকা পাঠায়। টাকা পাঠানোর পর থেকে সুমনের সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

গত বছরের ২০ ডিসেম্বর সকালে অপরিচিত এক ব্যক্তি সুমনের ভাই রিয়াদ হোসেনকে ফোন করে আরও তিন থেকে চার লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে আবু বক্করের মাধ্যমে সুমনকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ২২ ডিসেম্বর সুমনের ভাই রিয়াদ হোসেন আবু বক্করসহ অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করে সিলেটের জালালাবাদ থানায় মামলা করেন।

র‍্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম বলেন, ‘মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’