প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬ ২০:১৯ (মঙ্গলবার)
ধলাই নদীতে অ'বৈধ বালু-পাথর উত্তোলন: ৪ জনের ৬ মাসের কা'রাদ'ণ্ড

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ধলাই নদীর সাদাপাথর, বাংকার ও ধলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যদের পাশাপাশি প্রশাসনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

অভিযানকালে অবৈধভাবে বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত প্রায় ২৫টি নৌকা ধ্বংস করা হয়। এ সময় বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুজন মিয়া, আব্দুল হাকিম, রাইসুল ইসলাম ও আবু কালাম নামের চারজনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার জানান, অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ কাজে যারা জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।