প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ১১:৫৪ (সোমবার)
রওয়ানা দিয়েছেন তারেক রহমান : লোকে লোকারণ্য আলিয়া মাঠ

বিএনপির নির্বাচনী জনসভাকে ঘিরে লোকে লোকারণ্য হয়ে উঠেছে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ। বৃহস্পতিবার সকাল থেকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের সড়কগুলোতে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থলে তিল পরিমাণ জায়গা খালি নেই বলে দেখা গেছে। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে নগরীতে প্রবেশ করতে শুরু করেন। শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই দলের অনেক নেতাকর্মী আলিয়া মাঠে অবস্থান নেন। সকাল ৭টার দিকেই নগরীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাঠের উদ্দেশে রওনা দেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিলগুলো নগরীর রাজপথ মুখর করে তোলে।

মিছিলগুলোতে অংশগ্রহণকারীদের হাতে ছিল দলীয় ব্যানার, ফেস্টুন ও পতাকা। অনেকের হাতে দেখা যায় ক্ষেত থেকে তুলে আনা মুঠোভর্তি ধানের শীষ। তরুণ-তরুণী, যুবক-যুবতীর পাশাপাশি বয়স্কদের সঙ্গে শিশু-কিশোরদেরও মিছিলে অংশ নিতে দেখা যায়। সবার কণ্ঠে ছিল নির্বাচনকেন্দ্রিক স্লোগান।

বৃহস্পতিবার সকাল ১০টায় আলিয়া মাদরাসা মাঠে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ সমাবেশ থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি আসনের দল ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদেরও সমাবেশে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

দুপুর ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী গাড়ি বহর সমাবেশ স্থলের দিকে রওয়ান দিয়েছেন। গাড়ি বহর নগরীর খাসদবীর এলাকা অতিক্রম করেছে।

সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের মধ্যে কানাইঘাট উপজেলার বাসিন্দা ফখরুল ইসলাম জানান, বুধবার রাতে ছয় থেকে সাতটি বাসে করে তারা সিলেট শহরে পৌঁছান। ভোরে নগরীর সোবহানীঘাট এলাকায় একত্র হয়ে মিছিল নিয়ে আলিয়া মাঠে আসেন তারা। গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শামসুল ইসলাম বলেন, তিন শতাধিক নেতাকর্মী নিয়ে তারা জনসভাস্থলে উপস্থিত হয়েছেন।

জনসভাস্থলে বিএনপির নেতাকর্মীদের একাংশকে ধানের শীষ আঁকা একরঙা গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি ও বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি বহন করতে দেখা যায়।

এর আগে বুধবার (২১ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাত ৯টা ১৮ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবর জিয়ারত করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমার বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান তিনি। তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি ওই এলাকাতেই।

দীর্ঘ বিরতির পর সিলেটে বড় কোনো জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান। উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় ২০০৫ সালে সিলেটে একটি কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন তিনি। প্রায় দুই দশক পর এবার দলের চেয়ারম্যান হিসেবে ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠের জনসভায় বক্তৃতা করছেন তিনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেটের একটি হোটেলের সম্মেলনকক্ষে ‘ইউথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেন বিএনপি চেয়ারম্যান। সেখানে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ শীর্ষক বক্তব্যের আলোকে দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে দলের ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।