ছবি- বিএনপি মিডিয়া সেল
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৫ বছরে আমরা দেখেছি নির্বাচনে কীভাবে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে, কীভাবে আমি-ডামি নির্বাচন হয়েছে, কীভাবে নিশিরাতের নির্বাচন হয়েছে। এসব তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে, যারা সবার জন্য রাজপথে নেমে এসেছিলেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিলেন।
তিনি বলেন, বহু মানুষের প্রাণের বিনিময়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, এই দেশের ভেতরে কিছু মহল ষড়যন্ত্রের চেষ্টা করছে। গত কয়েক দিনে আপনারা দেখেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাঠানো পোস্টাল ব্যালট কীভাবে ডাকাতি করা হয়েছে। যারা এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল—ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু করেছে। দেশে-বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। আমাদেরকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তারেক রহমান।
এসময় তিনি বলেন, ইলিয়াস, জুনায়েদ, দিনারসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, ২৪-এর গণআন্দোলনে সিলেট শহরে ১৩ জন জীবন দান করেছেন—এই প্রাণগুলোর বিনিময়ে যে অধিকার আদায়ের পথে আমরা নেমেছি, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট প্রমাণ করেছে—বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা যায়।
এ সময় একটি দলের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, দোজখের, বেহেশতের, পৃথিবীর, কাবার মালিক আল্লাহ। যার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ নির্বাচনের আগেই একটি দল টিকিট দেওয়ার কথা বলছে—যার মালিক মানুষ নয়। সব কিছুর মালিকানা আল্লাহর, অথচ তারা শিরিক করছে। আগেই আপনাদের ঠকাচ্ছে—নির্বাচনের পরে কীভাবে ঠকাবে, একবার ভাবুন। তারা শুধু মানুষকে ঠকাচ্ছেই না, মুসলমানদের শিরিকের দিকেও ঠেলে দিচ্ছে।