প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬ ১৭:০৪ (সোমবার)
ইলিয়াস আলী, জুনায়েদ ও দিনারকে নিয়ে যা বললেন তারেক রহমান

নিখোঁজ বিএনপি ও ছাত্রদল নেতাদের প্রসঙ্গ তুলে সিলেটের জনসভায় বক্তব্য দিতে গিয়ে গত ১৫ বছরে গুম-খুন ও রাজনৈতিক দমনপীড়নের অভিযোগ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তারেক রহমান বলেন, ‘লক্ষ লক্ষ মানুষের এই সমবেত হওয়ার পেছনে দীর্ঘদিনের ত্যাগ রয়েছে। রাজনৈতিক অধিকার, বাকস্বাধীনতা এবং নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এই অধিকার আদায়ের পথে দলের পক্ষ থেকে ইলিয়াস আলী, জুনায়েদ ও দিনারকে হারাতে হয়েছে।’

তারেক রহমান বলেন, যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, তারা একসময় মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বলেন, তারা শুধু ভোটাধিকার হরণেই থেমে থাকেনি; ইলিয়াস আলী, জুনায়েদ ও দিনারের মতো শত-হাজার মানুষকে হত্যা করা হয়েছে।’

বক্তব্যে তিনি আরও বলেন, গত ১৫ বছরে সারা দেশে বিএনপি ও সাধারণ মানুষের বিরুদ্ধে গুম ও খুনের মামলা দেওয়া হয়েছে এবং উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তারেক রহমান বলেন, ইলিয়াস, জুনায়েদ, দিনারসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার আমরা অর্জন করেছি, ২৪-এর গণআন্দোলনে সিলেট শহরে ১৩ জন জীবন দান করেছেন—এই প্রাণগুলোর বিনিময়ে যে অধিকার আদায়ের পথে আমরা নেমেছি, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট প্রমাণ করেছে—বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা যায়।

উল্লেখ্য, সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলী ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী এলাকা থেকে নিখোঁজ হন। একই বছরের ৩ এপ্রিল ঢাকায় নিখোঁজ হন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার এবং তার বন্ধু ছাত্রদল নেতা জুনায়েদ আহমদ। দীর্ঘ ১৩ বছরেও তাদের কোনো সন্ধান মেলেনি।