এসএমপির মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৪০ কেজি ভারতীয় কেনু কমলা ও একটি পিকআপ জব্দ করেছে। এ সময় দুইজনকে আটক করা হয় বলে দাবি পুলিশের।
পুলিশ জানায়, শনিবার ২৪ জানুয়ারি সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন চত্বর এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের বীজ ভবনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা মেট্রো-ন-২০-৪৫২৭ নম্বরের একটি সিঙ্গেল ডিআই পিকআপ তল্লাশি করে এক হাজার ৪০ কেজি ভারতীয় কেনু কমলা জব্দ করা হয়। জব্দ করা কমলার আনুমানিক বাজারমূল্য দুই লাখ আট হাজার টাকা বলে পুলিশ দাবি করেছে।
পুলিশ জানায়, এ সময় ইটাচকি গ্রামের বাসিন্দা রহিম উদ্দিনের ছেলে মো নজরুল ইসলাম (২৬) এবং নোয়াগাঁও গ্রামের বাসিন্দা হেলাল আহমদের ছেলে জামিল আহমেদ (২০) কে আটক করা হয়। উভয়ের বাড়ি গোয়াইনঘাট থানা এলাকায়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। থানার মামলা নম্বর ২৩। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারা প্রয়োগ করা হয়েছে বলে জানায় পুলিশ।
আটক দুজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।