সিলেটে মুক্তিপণের টাকার জন্য এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতার দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানের সময় ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে দাবি র্যাবের। শুক্রবার সিলেট নগরীর সোবহানিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
র্যাব জানায়, ভিকটিম সিলেট জেলার জালালাবাদ থানাধীন শাহখুরুম ডিগ্রি কলেজের ছাত্রী। গত ১৪ জানুয়ারি সকালে তিনি কলেজে যাওয়ার পর আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সংস্থাটির দাবি, ওই দিন বিকেলে ভিকটিমের মোবাইল নম্বর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিমের পিতার নম্বরে ফোন করে হুমকি দেয়। এ সময় তারা জানায়, ভিকটিমকে অপহরণ করা হয়েছে এবং দুই ঘণ্টার মধ্যে ১৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে ভিকটিমের পিতা জালালাবাদ থানায় মামলা করেন। মামলায় বলা হয়, এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে মুক্তিপণের উদ্দেশ্যে ভিকটিমকে অপহরণ করেছে বলে তিনি ধারণা করছেন।
মামলার পর র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানির একটি দল গত শুক্রবার (২৩ জানুয়ারি) সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন সোবহানিঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে জালালাবাদ থানার মামলা নম্বর ০৯ (তারিখ ২১ জানুয়ারি), নারী ও শিশু নির্যাতন দমন আইন-এর সংশ্লিষ্ট ধারার মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামিকে গ্রেফতার করা হয় এবং ভিকটিমকে উদ্ধার করা হয় বলে র্যাব দাবি করেছে।
গ্রেফতারকৃত সাব্বির (৩০) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ছোট খোদাতপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
র্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেফতার আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে