প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬ ১৪:৩৬ (সোমবার)
সিলেটে বনবিভাগের বিল্ডিংয়ে বিপুল পরিমাণ বি*স্ফো*র*ক

সিলেটের গোয়াইনঘাটে বনবিভাগের একটি পরিত্যক্ত ভবনের নিচ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেখানে পাওয়া যায় পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর।

র‌্যাব-৯ জানায়, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-৯, সিপিএসপি, সিলেটের একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন লাফনাউট বাজার এলাকায় অবস্থানকালে তথ্য পায় যে, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। এ তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ভবনের নিচে থাকা একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পাওয়ার জেল ও ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়। উদ্ধারকৃত এসব উপকরণ উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধারকৃত বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে এসব বিস্ফোরক নাশকতার উদ্দেশ্যে মজুত করা হয়ে থাকতে পারে বলে র‌্যাবের ধারণা।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পাওয়ার জেল ও নন ইলেকট্রিক ডেটোনেটর জিডিমূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।