ছবি: সংগৃহীত
বহুদিন ধরেই বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমাটি। শুরুতে শোনা গিয়েছিল, এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং। তবে সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির পর জানা যায়, তিনি ‘ডন ৩’ প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন। হঠাৎ করে রণবীরের বেরিয়ে যাওয়ার খবরে বলিপাড়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনার জন্ম দেয়।
এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠে- তাহলে ‘ডন ৩’ সিনেমায় কাকে দেখা যাবে? এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে আবারও গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, এ সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খানকে দেখা যেতে পারে।
তবে এ বিষয়ে পরিচালক ফারহান আখতার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে বলিউডের একটি ঘনিষ্ঠ সূত্র। সূত্র জানায়, ‘ডন ৩’ সিনেমার কাস্টিং নিয়ে তিনি অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। এ কারণে আপাতত ছবিটির কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।
ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, ফারহান আখতার মনে করছেন- ‘ডন ৩’-এর কাস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব নিশ্চিত হয়েই তিনি এ সিনেমার জন্য অভিনেতা নির্বাচন করতে চান। এই পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ হওয়ায় আপাতত ছবিটির কাজ স্থগিত রেখে অন্য একটি সিনেমার কাজে মনোযোগ দিচ্ছেন তিনি।
জানা গেছে, ফারহান আখতার এবার ‘জি লে জরা’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এই ছবিটির ঘোষণা তিনি কয়েক বছর আগেই দিয়েছিলেন। সিনেমাটিতে প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটের অভিনয়ের কথা রয়েছে।
সূত্রের দাবি, ‘জি লে জরা’ সিনেমাটি ফারহান আখতারের কাছে বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। ‘ডন ৩’ যেহেতু আপাতত স্থগিত রাখা হয়েছে, তাই এই সময়টিকে কাজে লাগিয়ে এ সিনেমার কাজ শুরু করাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন তিনি।
এদিকে ‘ডন ৩’-এর ভবিষ্যৎ কাস্টিং নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বলিউডপ্রেমী দর্শকদের আগ্রহ ও কৌতূহল আরও বেড়েছে।