প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬ ১৫:০২ (সোমবার)
সিলেটে পিকআপ চাপায় শিশুর মৃ ত্যু : চালক গ্রে ফ তা র

সিলেটের জৈন্তাপুরে অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক পিকআপচালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে সংস্থাটি জানিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২৫ সেপ্টেম্বর বিকেল প্রায় ৫টার দিকে বাদী খলিল মিয়া তার স্ত্রী ও ছেলে-মেয়েকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে দেন। অটোরিকশাটি যাত্রী নিয়ে আসামপাড়া যাওয়ার পথে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে জৈন্তাপুর থানাধীন আসামপাড়া ব্রিজের দক্ষিণ মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে সিলেটগামী একটি পিকআপ দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে বাদীর স্ত্রী ও দুই সন্তান গুরুতর আহত হন।

আহতদের প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে বাদীর মেয়ে সাদিয়া আক্তারকে (৬) মৃত ঘোষণা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে জৈন্তাপুর থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করেন।

র‌্যাব-৯ জানায়, ঘটনার পর আসামিকে আইনের আওতায় আনতে তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গ্রেফতার হওয়া আসামি সুমন আহাম্মদ (২০), সিলেট জেলার জৈন্তাপুর থানার লামনিগ্রাম গ্রামের বাসিন্দা, নজরুল ইসলামের ছেলে বলে র‌্যাব দাবি করেছে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।