সিলেট জেলার কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করা হয় বলে সংস্থাটি দাবি করেছে।
র্যাব-৯ জানায়, তাদের একটি আভিযানিক দল ৩০ জানুয়ারি রাত প্রায় ৯টা ৫০ মিনিটে তথ্য পায় যে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য থাকতে পারে। পরে রাত প্রায় ১০টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালানো হয়। এ সময় ভবনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয় বলে র্যাব দাবি করেছে।
উদ্ধার হওয়া সামগ্রী উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হতে পারে বলে র্যাব জানিয়েছে। তবে এসবের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংস্থাটি জানিয়েছে। এগুলো নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও র্যাব দাবি করেছে।
আইনগত প্রক্রিয়ার জন্য উদ্ধার সামগ্রী জিডি মূলে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।
র্যাব-৯ আরও জানায়, ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত তাদের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ১১ হাজার ৭৪০ গ্রাম বিস্ফোরক, ৭৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১০২টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে, যা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখছে বলে তারা দাবি করেছে।