এসএমপির ডিবির অভিযানে সিলেট নগরী থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চকলেট ও বিস্কুটসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে শাহপরাণ (রহঃ) থানাধীন বটেশ্বর এলাকার জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের বিপরীতে আব্দুল হান্নান টাওয়ারের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনাকালে একটি টয়োটা প্রিমিও মডেলের প্রাইভেটকার তল্লাশি করা হয়। তল্লাশিতে কারটির ভেতর থেকে ১ হাজার ৫০০ পিস কিটক্যাট চকলেট, ৮৫০ পিস সাফারি চকলেট ও ২৪০ পিস ওরিও বিস্কুট উদ্ধার করা হয়। পুলিশ বলছে, উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮৫ হাজার ৩০০ টাকা।
আটককৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মনদি এলাকার মোঃ আফুর উদ্দিনের ছেলে মোঃ আনিছ মিয়া (৩৯), একই এলাকার মোঃ আফুর উদ্দিনের ছেলে মোঃ আলমগীর মিয়া (৩৫), একই এলাকার মোঃ হামিদুল্লাহর ছেলে আইনুল হক (৩১) এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মুন্দিরপুর এলাকার মোঃ শাহজাহানের ছেলে মোঃ মিজানুর রহমান (২৯)।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে শাহপরাণ (রহঃ) থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।