প্রকাশিত : ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:১২ (সোমবার)
সিলেটে র‌্যাবকে দেখে দৌড় : আ ট ক ৩

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

র‌্যাব-৯ জানায়, গত রবিবার (০১ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ থানাধীন বাগজুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজিযোগে করে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি সিলেট সদরের দিকে আসছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানাধীন ইছা কলস ইউনিয়নের জুগিরগাঁও এলাকার একটি কাঁচা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট পরিচালনার সময় সিলেটগামী একটি সিএনজিকে থামানোর সংকেত দিলে ভেতরে থাকা তিনজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। পরে সিএনজিটি তল্লাশি করে ১১টি কাগজের কার্টুন ও তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা মোট ৮০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার পোটামারা এলাকার নাঈম উদ্দিনের ছেলে মো. ওয়ারিস আহমেদ (৩২), একই এলাকার আহাদ আলীর ছেলে জয়নাল আবেদীন (২৮) এবং আব্দুর রবের ছেলে মো. সোহেল আহমদ (২৭)।

র‌্যাব-৯ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা জানিয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি শেষে উদ্ধার করা মাদক ও সংশ্লিষ্ট আলামতসহ তাদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।