প্রকাশিত : ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:১৮ (বুধবার)
এলপিজির দাম আবারও বাড়ল

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিইআরসি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে ১ হাজার ৩৫৬ টাকা। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

একই সঙ্গে বাড়ানো হয়েছে অটো গ্যাসের দামও। বিষয়টি নিশ্চিত করে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ফেব্রুয়ারি মাসের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

দফায় দফায় এলপিজির দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে যেসব পরিবার রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল, তাদের মাসিক ব্যয় আরও বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।