প্রকাশিত : ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:২৭ (বুধবার)
প্রথমবার গ্র্যামি জিতলেন দালাই লামা

ছবি: দালাই লামা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৮তম আসর। এবারের আয়োজনে প্রথমবারের মতো গ্র্যামি পুরস্কার জিতেছেন তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামা। ৯০ বছর বয়সে এই বিশেষ অর্জন তাঁর জীবনে নতুন এক মাইলফলক হিসেবে যুক্ত হলো।

স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’-এর জন্য তিনি সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং বিভাগে গ্র্যামি পুরস্কার লাভ করেন।

এই বিভাগে দালাই লামার প্রতিদ্বন্দ্বী ছিলেন অভিনেত্রী কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান।

গ্র্যামি জয় প্রসঙ্গে দালাই লামা এক প্রতিক্রিয়ায় জানান, তিনি এই সম্মান কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে গ্রহণ করছেন এবং এটিকে কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না।

তিনি বলেন, `এটি বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা, মানব ঐক্য এবং পরিবেশের দায়িত্বের স্বীকৃতি।'

অ্যালবামটিতে দালাই লামার সঙ্গে সহযোগিতা করেছেন প্রখ্যাত সরোদশিল্পী আমজাদ আলী খান এবং তাঁর দুই পুত্র আমান আলী ব্যাঙ্গাশ ও আয়ান আলী ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সংগীতের আবহে অ্যালবামটির বর্ণনায় তুলে ধরা হয়েছে শান্তি, সহমর্মিতা, দয়া, আশা ও পরিবেশ সচেতনতার বার্তা।

এই প্রকল্প সম্পর্কে আমজাদ আলী খান বলেন, `দালাই লামার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এটি আমার জন্য একটি গভীর ব্যক্তিগত কাজ হয়ে উঠেছে। শান্তি ও আশার বার্তা বহন করা এই সংগীত অভিজ্ঞতার অংশ হতে পারা আমার জন্য বিরাট সম্মানের বিষয়।'

বিশ্ব সংগীত ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে তৈরি এই অ্যালবাম দালাই লামার দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।