জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে অবৈধভাবে পাহাড় ও টিলা শ্রেণির ভূমি থেকে মাটি কাটার অভিযোগে গভীর রাতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন, তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পাহাড় ও টিলা কেটে মাটি বিক্রির দায়ে ঘটনাস্থলে একজনকে গ্রেফতার করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব।
ইউএনও পলি রানী দেব জানান, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী জৈন্তাপুর উপজেলাজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অনুযায়ী শাস্তি ও জরিমানা দেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন। অবৈধ মাটি কাটা, পাহাড় ও টিলা কর্তন এবং বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।