প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:২৬ (সোমবার)
সিলেটে ধর্মীয় ভাবগাম্ভির্যে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির ও দোয়ায় মগ্ন ছিলেন। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ইবাদত ও ধর্মীয় কার্যক্রমের সেই ধারা অব্যাহত রয়েছে।

দিবাগত রাতে অনেকে নফল নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করেন। যারা রাতে স্বজনদের কবর জিয়ারতে যেতে পারেননি, তাদের অনেককে আজ দিনে কবরস্থানে যেতে দেখা গেছে। পাশাপাশি অনেকে শবে বরাতের ফজিলতপূর্ণ এই দিনে নফল রোজা পালন করছেন।

প্রতিবছরের মতো এবারও শবে বরাত উপলক্ষে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) ও খাদিমনগরের হযরত শাহপরান (রহ.) মাজারে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘটে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই দুই ওলির মাজার এলাকায় মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। কেউ মাজার জিয়ারত করেন, কেউ মসজিদে ইবাদতে অংশ নেন, আবার কেউ পার্শ্ববর্তী কবরস্থানে গিয়ে দোয়া ও মোনাজাত করেন।

সরেজমিনে দিবাগত রাতে দেখা যায়, মাজারের প্রতিটি প্রবেশপথে মুসল্লিদের চলাচল ছিল। একদিক দিয়ে মুসল্লিরা প্রবেশ করছেন, অন্যদিক দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কেউ ইবাদতে মগ্ন, কেউবা জিয়ারত শেষে মাজার এলাকায় অবস্থান করছেন।

শবে বরাত উপলক্ষে মাজার এলাকার বাইরের দোকানগুলোতে টুপি, আতর, গোলাপজল, মোমবাতি, আগরবাতি ও তাসবীহসহ বিভিন্ন ধর্মীয় সামগ্রীর বেচাকেনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে বিভিন্ন জেলা থেকে আসা ভিক্ষুকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মাজার জিয়ারতে আসা মানুষজন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের দান করেছেন।

এছাড়া দুই ওলির মাজার ছাড়াও সিলেট নগরীর বিভিন্ন মসজিদে শবে বরাত উপলক্ষে মুসল্লিদের ভিড় দেখা যায়। সন্ধ্যার পর থেকেই মসজিদগুলোতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে কবরস্থানে গিয়ে আপনজনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

মুসল্লিদের অনেকেই জানান, তারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজেদের পরিবার ও দেশবাসীর কল্যাণ কামনায় ইবাদতে অংশ নিয়েছেন। আল্লাহ যেন সবাইকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, এই প্রত্যাশাও তাদের।

শবে বরাত উপলক্ষে অনেক বাড়িতে হালুয়া ও বিভিন্ন খাবার তৈরি করে আত্মীয়স্বজন, প্রতিবেশী এবং দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরবি শাবান মাসের ১৫ তারিখ অর্থাৎ ১৪ তারিখ দিবাগত রাত মুসলমানদের কাছে শবে বরাত নামে পরিচিত। ফারসি শব্দ শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রাতে বান্দাদের জন্য আল্লাহ তায়ালা রহমত ও মাগফিরাতের দরজা উন্মুক্ত করে দেন।