প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:০৯ (শনিবার)
আচরণ বিধিমালা লঙ্ঘন: সরকারি কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ

ছবি: ইমজা নিউজ

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা লঙ্ঘনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে সব দপ্তর ও সংস্থাকে অবহিত করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি কর্মচারীরা দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, নিরপেক্ষতা ও পেশাদার আচরণ বজায় রাখতে বাধ্য।

সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে কিছু সরকারি কর্মচারীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া এবং শৃঙ্খলা পরিপন্থী আচরণের অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ২০১৮-এর পরিপন্থী।

চিঠিতে উল্লেখ করা হয়, আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সাময়িক বরখাস্তসহ বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে প্রশাসনিক শৃঙ্খলা বজায় থাকবে এবং সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষা পাবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নিয়মিত মনিটরিং জোরদার করা হবে এবং সব দপ্তরকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে।

প্রশাসন সূত্রের দাবি, আচরণ বিধিমালা কঠোরভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারি সেবার মান উন্নত হবে এবং জনগণের আস্থা বাড়বে।

উল্লেখ্য গেলো ৩১ জানুয়ারি ইমজা নিউজে প্রকাশিত ‘আইন ভেঙে সিলেট-৫ আসনে প্রচারণায় ওসমানী হাসপাতালের সিনিয়র স্টাফ’- শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়- সরকারি চাকরিবিধি ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অমান্য করে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ইমরান আহমেদ তাপাদারের বিরুদ্ধে।

জাতন্ত্রের কর্মচারী হয়েও তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের ‘খেজুর গাছ’ প্রতীকের পক্ষে সরাসরি মাঠে নেমে প্রচারণায় অংশ নিয়েছেন এমন অভিযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।