সিলেটের ফেঞ্চুগঞ্জে দুপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী এম এ মালিক আইনের শাসন, উন্নয়নের রাজনীতি ও সকল ধর্মের প্রতি সম্মান রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিএনপির শাসনামলেই দেশে ধর্মীয় সহাবস্থান, ভালোবাসা ও শ্রদ্ধার পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছিল।
০৫ ফেব্রুয়ারী ২০২৬ (বৃহস্পতিবার) আয়োজিত সভার সভাপতি খোকাবাবু রঞ্জণ পাল হিন্দু সম্প্রদায়ের সকলকে নিয়ে আসন্ন নির্বাচনে এম এ মালিককে ধানের শীষে ভোট প্রদানের আহবান জানান।
এম এ মালিক বলেন, গত ১৫ বছর ধরে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকেও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, বিএনপি কখনো ধর্মকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি; বরং সকল ধর্মের মানুষের প্রতি সমান সম্মান বজায় রেখেছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন সকল মানুষের ‘মা’- সবাই তাঁর কাছে সমান ছিলো। সেই আদর্শ ধারণ করেই তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে কৃষকসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সর্বোচ্চ অগ্রাধিকার পেয়েছে।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের কথা তুলে ধরে এম এ মালিক বলেন, তিনটি উপজেলায় জরুরি ভিত্তিতে তিনটি হাসপাতাল স্থাপন, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন এবং বর্ষাকালে মানুষের দুর্ভোগ লাঘবই হবে তাঁর প্রথম কাজ। তিনি বলেন, “আপনারা যদি আমাকে ভোট দেন, ইনশাল্লাহ আপনাদের নিয়েই আমি এলাকার উন্নয়নের কাজ শুরু করব।”
খোকাবাবু রঞ্জণ পালের সভাপতিত্বে সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি, সদস্যবর্গসহ আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপু, যুগ্ম সম্পাদক এডভোকেট সাইদ আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও অসংখ্য জনতা।