ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের প্রায় দুই কোটি ভাতাভোগীর কাছে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর বাগবাড়িতে সমাজসেবা কার্যালয়ের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত ‘গণভোট বিষয়ে জনসাধারণকে অবহিতকরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভাতাভোগী ও সেবাপ্রত্যাশীদের ভোটদানে উদ্বুদ্ধ করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশনাগুলো নিজ নিজ অঞ্চলের ভাষায় সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে।’
ড. আবু ইউছুফ বলেন, “গ্রামাঞ্চলের মানুষ, কৃষক ও শ্রমজীবীসহ সাধারণ জনগণকে গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ দিলে কী হবে- সে বিষয়টি স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরতে হবে। অতীতের স্বৈরাচারী শাসনামলে কীভাবে মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল, তা জনগণকে স্মরণ করিয়ে দিতে হবে “
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব রোধে সবাইকে সচেতন থাকতে হবে। গণভোটে ‘হ্যাঁ’ দিলে সংবিধানে বিসমিল্লাহ বাদ যাবে-এ ধরনের গুজবের বিরুদ্ধে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে হবে।”
সমাজকল্যাণ সচিব বলেন, ‘সরকার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ করেছে। কোনো অপপ্রচারের কারণে নির্বাচন বা গণভোট বন্ধ হবে না।’
তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ‘তাদের রক্তের ঋণ শোধ করতে হলে জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। গণভোট সফল করার মাধ্যমেই নাগরিকদের ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক অধিকার সংরক্ষণ সম্ভব।’
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার সারওয়ার মামুন চৌধুরী।
মতবিনিময় সভায় সিলেট বিভাগের চার জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।