ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগে, ভোটের দিন ও পরবর্তী সময়ে সংঘটিত নির্বাচনি অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের এসব বিচারককে মনোনয়ন দিয়ে তাদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০টি নির্বাচনি এলাকায় ভোট গ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিনসহ মোট পাঁচ দিন (১০ থেকে ১৪ ফেব্রুয়ারি) দায়িত্ব পালনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
মনোনীত ম্যাজিস্ট্রেটরা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনি অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালনা করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধের বিষয়ে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এর আগে, গত ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।