ছবি: ইমজা নিউজ
বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মহিলা উইং সদস্য, মহিলা দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী সিলেট-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে প্রচারণা ও গণসংযোগ করেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নগরীর মাছিমপুর, চালিবন্দর ও কামালগড় এলাকায় ধানের শীষের প্রচারণায় অংশ নেন তিনি।
এ সময় মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফাতেমা জামান রোজী, রাহেলা জেরিন কানন, তানিয়া রহমান, সামসুন্নাহার সুমা, শারমিন আক্তার, হালিমা বেগম, মনোয়ারা বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেত্রী-কর্মীরা তার সঙ্গে গণসংযোগে অংশ নেন।
প্রচারণাকালে সামিয়া চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।’
এ সময় নেত্রী-কর্মীরা ওইসব এলাকায় লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোটের আহ্বান জানান।