প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:২৩ (শনিবার)
সিলেটে জামায়াতের শেষ নির্বাচনী জনসভা কাল : প্রস্তুতি সম্পন্ন

আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ার) সিলেট নগরীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামির শেষ নির্বাচনী জনসভা। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভা বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হবে।

দলীয় সূত্র জানায়, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও এতে বক্তব্য রাখবেন। জনসভাকে ঘিরে ইতোমধ্যে মঞ্চ, শৃঙ্খলা, নিরাপত্তা ও সাংগঠনিক সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা ও মহানগর জামায়াত।

শুক্রবার আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন জামায়াতের জেলা ও মহানগর নেতারা। মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় নেতারা জানান, সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১০টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের জনসভায় পরিচয় করিয়ে দেওয়া হবে। জনসভাটি জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত নেতারা আরও জানান, আমিরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৪টার মধ্যে জনসভা শেষ হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে এটিই হবে জামায়াতের শেষ নির্বাচনী জনসভা।

এদিকে জনসভাকে কেন্দ্র করে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাওয়া যাচ্ছে।