প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:০২ (শনিবার)
সিলেটে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি, নগর পরিচ্ছন্নতায় অংশগ্রহণ

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সিলেট নগরীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

সিভিক্স ভয়েজ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পাশা খন্দকারের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কীন ব্রিজ এলাকায় এসে শেষ হয়। র‌্যালি শেষে সুরমা নদীর পাড় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশু, সিভিক্স ভয়েজ’র সিইও মোসাদ্দেক আহমদ চৌধুরী, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজী এবং রুবেল ইসলামসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারের অংশ হিসেবে জনসম্পৃক্ত ও পরিবেশবান্ধব কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি এবং প্রার্থীর পক্ষে সমর্থন জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।