ছবি: সংগৃহীত
৪৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের প্রায় সাত মাস পর এ নিয়োগ আদেশ দেওয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত নিয়োগ আদেশ জারি করা হয়। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আদেশটি প্রকাশ করা হয়।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৪৪ জন, পুলিশ ক্যাডারে ৪৮ জন, পররাষ্ট্র ক্যাডারে ৯ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ২৯ জনসহ অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন।
নিয়োগ আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়নকৃত কার্যালয়ে যোগদান করতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে ভিন্ন কোনো নির্দেশনা না এলে নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অসম্মত বলে গণ্য হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া নিয়োগের পর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী এ আদেশ সংশোধন কিংবা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে চূড়ান্তভাবে নির্বাচিত ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়।