প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:৪৩ (শনিবার)
‘ম্যায় হুঁ না’ সিকুয়েলে ফিরছেন শাহরুখ খান

ছবি: শাহরুখ খান।

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য এসেছে বড় সুখবর। প্রায় দুই দশক আগে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট সিনেমা ‘ম্যায় হুঁ না’-এর সিকুয়েল নিয়ে আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন তিনি। বলিউডে জোর গুঞ্জন, পরিচালক ফারাহ খানের নির্মাণে দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে কাজ করছেন শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ‘ম্যায় হুঁ না’-র দ্বিতীয় কিস্তির চিত্রনাট্যের প্রাথমিক খসড়া নিয়ে ইতোমধ্যে একাধিক দফা আলোচনা সেরেছেন শাহরুখ খান ও ফারাহ খান। প্রজেক্টটি নিয়ে দুইজনই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ম্যায় হুঁ না’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারাহ খান। এরপর শাহরুখ-ফারাহ জুটি ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেন। এ কারণে এই জুটির প্রত্যাবর্তন নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বলিউড বিশ্লেষকদের মতে, ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর বাণিজ্যিক সাফল্যের পর দর্শক এখন শাহরুখ খানকে আবারও চিরচেনা বাণিজ্যিক ঘরানার বিনোদনধর্মী সিনেমায় দেখতে চাইছেন। সেই চাহিদাকে সামনে রেখেই ‘ম্যায় হুঁ না’ সিকুয়েল তৈরির পরিকল্পনা এগোচ্ছে।

জানা গেছে, নতুন কিস্তিতে আগের মতো কলেজ ক্যাম্পাসকেন্দ্রিক গল্প না হয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশপ্রেমভিত্তিক কাহিনি তুলে ধরা হবে। সবচেয়ে বড় চমক হিসেবে থাকছে শাহরুখ খানের দ্বৈত চরিত্রে অভিনয়। এর আগেও তার আসন্ন সিনেমা ‘কিং’-এ দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছিল।

ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের শেষ দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে এই মেগা প্রজেক্টের শুটিং শুরু হতে পারে।

শাহরুখ-ফারাহ জুটির এই নতুন উদ্যোগ বলিউডে বড় বাজেটের অন্যতম আলোচিত প্রজেক্ট হয়ে উঠতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।