প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:৩৬ (শনিবার)
গোলাপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে তারুণ্য পদযাত্রা

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবক্ষেত্রে তরুণদের অংশ জরুরি। এরাই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের কারিগর। তাই, আগামীর গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রতিটি উন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

তিনি শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে সাধারণ শিক্ষার্থী ও তরুণ সমাজের উদ্যোগে তারুণ্য পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বলেন, ‘তরুণ প্রজন্মের প্রিয় ব্যক্তিত্ব শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার বিচার নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে হবে।’

তিনি বলেন, ‘তাঁদের সার্বিক অংশগ্রহণের মাধ্যমেই সমাজের পরিবর্তন সম্ভব। নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকলে এই তরুণেরাই ন্যায় ইনসাফ ও সমতাভিত্তিক সমাজ গড়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।’

সাবেক ইউপি চেয়ারম্যান ও গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হানের সভাপতিত্বে ও সংগঠক-ছাত্রনেতা সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর, এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া, এনসিপির  সিলেট জেলার সাবেক আহবায়ক নাজিম উদ্দীন শাহান।

এই সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেলিম আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর জামায়াতের যুববিভাগের সভাপতি সুহেল আহমদ, সেক্রেটারি রিমন আহমদ, উপজেলা শিবিরের সেক্রেটারি ইশতিয়াক আহমদ, পৌর শিবিরের সভাপতি আবির আহমদ, এনসিপি নেতা আবুল মনসুর চৌধুরী, মাহফুজ খান, ছাত্রনেতা মাসুদ আহমদ, আরিফ আহমদ, শেখ ওসমান ফারুক প্রমুখ।