প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:৫৭ (রবিবার)
জনগণের টাকা যারা চু রি করেছে, তাদেরকে শান্তিতে থাকতে দেবো না : ডা. শফিকুর রহমান

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ৫৪ বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফেরেশতা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফেরেশতা ছিলাম। কেউ করেছেন কম, কেউ বেশি। শুধু ফ্যাসিবাদী সরকার সাড়ে ১৫ বছরে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। জনগণের টাকা যারা চুরি করেছে, আল্লাহ তায়ালা আমাদের দায়িত্ব দিলে আমরা তাদেরকে শান্তিতে থাকতে দেবো না। ওরা দুনিয়ার যেখানেই থাকুক রাষ্ট্র ওদের মুখের ভেতর হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে।

তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী হলে আমি ৫৪ হাজার বর্গমাইলের এক ইঞ্চির ওপর বেইনসাফি করতে পারবো না। প্রতি ইঞ্চি মাটি তার পাওনা বুঝে নেবে আমার কাছ থেকে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সিলেটে আয়োজিত জামায়াতে ইসলামীর শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ জনসভা ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।