প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২২:০৬ (রবিবার)
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা, শৈত্যপ্রবাহ অব্যাহত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ক্রমাগত তাপমাত্রা হ্রাস পাচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

পাহাড়-টিলা ও চা-বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় এসব অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের প্রকোপে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন।

সকাল থেকে ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললে শীতের তীব্রতা কিছুটা কমে আসে। এতে সাধারণ মানুষের মধ্যে সাময়িক স্বস্তি লক্ষ্য করা গেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান জানান, ‘গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দিনের বেলায় রোদ ওঠায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই নিম্নমাত্রায় থাকতে পারে এবং ভোরের দিকে কুয়াশার প্রবণতা অব্যাহত থাকবে।