ছবি: সংগৃহীত
ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ক্লাবটি এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
বার্সেলোনা জানায়, ইউরোপিয়ান সুপার লিগ কোম্পানি এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্লাবকে লিখিতভাবে তাদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।
এই সিদ্ধান্তের ইঙ্গিত বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা গত ডিসেম্বরেই দিয়েছিলেন। সে সময় তিনি প্রকাশ্যে বলেন, ক্লাবটি এই প্রকল্প থেকে বেরিয়ে আসতে চায়।
বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক লা ভানগার্দিয়া আয়োজিত এক ফোরামে লাপোর্তা বলেন, ‘বার্সেলোনা ক্লাব ফুটবলে শান্তি ও টেকসই ভবিষ্যৎ চায়।’
তিনি আরও বলেন, ‘সুপার লিগের বিষয়টি তিনি আগের বোর্ডের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। শুরুতে তিনি এই প্রকল্পে যুক্ত ছিলেন, কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত কিছু ক্লাব ফুটবলে বড় ধরনের আর্থিক ভারসাম্যহীনতা তৈরি করেছিল।’
তবে লাপোর্তা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্প এখন আর কারও জন্য কল্যাণকর নয়।
২০২১ সালে ইউরোপের শীর্ষ কয়েকটি ক্লাব নিয়ে ইউরোপিয়ান সুপার লিগের ধারণা সামনে আসে। এই প্রকল্পের লক্ষ্য ছিল উয়েফার চ্যাম্পিয়ন্স লিগের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী হিসেবে একটি বেসরকারি টুর্নামেন্ট চালু করা। এতে ক্লাবগুলোর জন্য বেশি আয় ও আর্থিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
তবে শুরু থেকেই এই উদ্যোগের বিরুদ্ধে ফুটবলপ্রেমী, সমর্থক ও বিভিন্ন সংগঠনের তীব্র প্রতিবাদ শুরু হয়। একে একে প্রায় সব প্রতিষ্ঠাতা ক্লাব এই প্রকল্প থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়।
বার্সেলোনার বিদায়ের পর বর্তমানে প্রকাশ্যে কেবল রিয়াল মাদ্রিদই এই সুপার লিগ প্রকল্পের পক্ষে অবস্থান করছে।
উল্লেখ্য, ইউরোপিয়ান সুপার লিগ পরিকল্পনার মূল ১২টি প্রতিষ্ঠাতা ক্লাবের একটি ছিল এফসি বার্সেলোনা।