সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ ও লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগে প্রতিবাদী অনশনে বসেছেন সিলেট ১ আসনের বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচনী আচরণবিধি প্রয়োগে বৈষম্যের অভিযোগ তুলে তিনি এ কর্মসূচি শুরু করেন।
অনশনে বসে মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন দাবি করেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দেখিয়ে তার নির্বাচনী প্রচারণার বিলবোর্ড অপসারণ করা হলেও অন্য প্রার্থীদের ক্ষেত্রে একই বিধি প্রয়োগ করা হচ্ছে না। তিনি জানান, সিলেট নগরীর অন্তত দুজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে প্রতিটি ওয়ার্ডে দুই থেকে তিনশ বিলবোর্ড স্থাপন করেছেন।
তিনি আরও অভিযোগ করেন, বৈদ্যুতিক খুঁটি ও গাছে ফেস্টুন লাগানো, নির্ধারিত সাইজ অমান্য করা এবং সিএনজিচালিত অটোরিকশায় পোস্টার লাগানোর মতো একাধিক অনিয়ম করা হলেও প্রশাসন কিংবা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান।
প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত এই প্রতিবাদী অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।