প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৮:৩৯ (রবিবার)
রোজায় সরকারি অফিসে নতুন সময়সূচি নির্ধারণ

ছবি: সংগৃহীত

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান সামনে রেখে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান মাস গণনা শুরু হতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি হবে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজ নিজ আইন ও বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এদিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ আলাদাভাবে নির্ধারণ করবে বলে জানানো হয়েছে।