প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:০২ (রবিবার)
‘বনিবনা’ না হওয়ায় সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী

ছবি: সংগৃহীত

১১-দলীয় নির্বাচনী ঐক্যে প্রার্থী চূড়ান্ত না হওয়ায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ।

আজ রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শেখ মুশতাক আহমদ বলেন, শুরু থেকেই এই আসনে জোটের প্রার্থী নির্ধারণ নিয়ে জটিলতা চলছিল। শেষ পর্যন্ত একজনকে একক প্রার্থী করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘এখন আর ঐক্য সম্ভব হচ্ছে না। তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরও জানান, এ আসনে তিনি ও তাঁর দল কাউকে সমর্থন দিচ্ছে না।

উল্লেখ্য, সুনামগঞ্জ-৩ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নিয়ে শুরু থেকেই টানাপোড়েন চলছিল। মনোনয়ন প্রত্যাহারের আগে জোটের অন্য প্রার্থীরা শর্ত দেন, এখানে জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী থাকতে পারবেন না এবং আসনটি জোটের অন্য প্রার্থীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। পরে সেই শর্ত মেনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইয়াসীন খান তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে জামায়াত কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি।

খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এখন সুনামগঞ্জ-3 আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন- বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও কেন্দ্রীয় নায়েবে আমির মোহাম্মদ শাহীনূর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আনোয়ার হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মো. মাহফুজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ।

এই আসনে প্রার্থী নিয়ে জোটগত সমঝোতা না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।