ছবি: সংগৃহীত
সিলেট-১ (নগর ও সদর) আসনের অধীন মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছে বিএনপি।
রোববার (৮ পেব্রুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দেন।
এ ছাড়া অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে সিলেট মেট্রোপলিটনের আওতাধীন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী বিএনপির কর্মী ও সমর্থকদের নানাভাবে হয়রানি করছেন এবং এতে তাদের প্রার্থীর স্বাভাবিক প্রচার–প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, তিনি অন্য একজন প্রার্থীর স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করছেন বলে প্রতীয়মান হচ্ছে। এতে করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে ওই থানার আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এই কর্মকর্তা বিমানবন্দর থানায় যোগদানের পর থেকেই একের পর এক পক্ষপাতদুষ্ট আচরণ করে আসছেন। বিষয়টি আমরা রিটার্নিং কর্মকর্তা ও মহানগর পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকেও অবহিত করেছি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলী বলেন, ‘আমি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেছি। কোনো অন্যায় কাজ করিনি। নিজের দায়িত্ব সঠিকভাবেই পালন করেছি।’