প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:৫১ (সোমবার)
পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ সমাপনী ও পুরস্কার বিতরণ

ছবি: সংগৃহীত

সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, পেনহিল লজিস্টিক-এর পৃষ্ঠপোষকতায় এবং ইবনেসিনা হাসপাতাল সিলেট লিমিটেড ও সিলেটের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’-এর কো-স্পন্সরে ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ, সিলেট ২০২৫-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

রোববার (৮ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের সর্বশেষ ম্যাচে জিমখানা ক্লাব ২৬১ রানে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র। এবারের লিগে সিলেটের প্রথম বিভাগ ক্রিকেট লীগের স্বনামধন্য ১০টি ক্লাব অংশগ্রহণ করে।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির আহ্বায়ক মো. সারওয়ার আলম।

তিনি বলেন, ‘সারাবছর সব ডিসিপ্লিনের খেলাধুলার মাধ্যমে সিলেট জেলা স্টেডিয়ামসহ প্রতিটি মাঠকে প্রাণবন্ত রাখতে হবে এবং তরুণ সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে সুস্থ শরীর ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সিলেটের এ্যাডহক কমিটির সদস্য রাহাত শামস্ এবং টুর্নামেন্টের স্পন্সর পেনহিল লজিস্টিক-এর প্রতিনিধি সাদত হুসেইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খন্দকার রাজিন সালেহ আলম।

স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি এবং সিলেট ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সম্পাদক কবির আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন সাহান, ইয়াহইয়া ফজল ও ওয়াহিদ উমায়ের, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মো. মোকাম্মেল হক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, সিলেট জেলা ক্রিকেট কমিটির সম্পাদক আলী ওয়াসিক উজ্জামান চৌধুরী অনি, জেলা দলের সাবেক অধিনায়ক মকবুল হায়দার রিজভীসহ ক্রীড়া সংগঠক ও অতিথিবৃন্দ।

ব্যক্তিগত পুরস্কারপ্রাপ্তরা হলেন-

ফাইনালের সেরা খেলোয়াড়: জিমখানা ক্লাবের তৌফিক খান তুষার (৯৭ বলে ২০৭ রান)।
লিগের সেরা খেলোয়াড়: বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের অলক কাপালি (৪৪৮ রান ও ১৬ উইকেট)।
সেরা ব্যাটসম্যান: ইরফান ও তৌফিক খান তুষার।
সেরা বোলার: ইয়ুথ সেন্টার ক্লাবের রাতুল (৮ ম্যাচে ২৩ উইকেট) ও অনির্বাণ ক্রীড়া চক্রের কামিল (৮ ম্যাচে ২৩ উইকেট)।
সেরা উইকেটকিপার: বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের মাহী।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সিলেটের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।