প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:০৯ (মঙ্গলবার)
ভোটকেন্দ্র পাহারায় থাকবেন বিএনপির নেতাকর্মীরা: কাইয়ুম চৌধুরী

ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকায় থাকবেন এবং গুপ্ত সংগঠনের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখবেন- এমন আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী।

তিনি বলেন, ‘ভোটে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বিগত সময়ে বিএনপির নেতাকর্মীরা যে ভয়াবহ নির্যাতন ও দমন–পীড়নের শিকার হয়েছেন, সেই বিভীষিকাময় পরিস্থিতির পুনরাবৃত্তি আমরা আর চাই না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দেশে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সিলেট–৩ আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেকের সমর্থনে বিশাল নির্বাচনী গণমিছিল-পূর্ব জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘বিজয়ের লক্ষ্যে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম ও নিরবচ্ছিন্ন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। সিলেটে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সাধারণ মানুষের বিপুল ভালোবাসা ও সমর্থনের কারণে আসন্ন নির্বাচনে বিজয় এখন অনিবার্য হয়ে উঠেছে। ফেঞ্চুগঞ্জ উপজেলায়ও ভোট প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ তৎপর ও সচেতন থাকতে হবে।’

তিনি বলেন, ‘ইসলামী দলগুলো আমাদের সঙ্গে জোটবদ্ধ থাকায় একটি ইতিবাচক নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি হয়েছে, যা ধানের শীষের বিজয়কে আরও সুনিশ্চিত করবে। ইনশাআল্লাহ, আল্লাহ তায়ালার রহমতে ন্যায়, ঐক্য ও জনসমর্থনের বিজয় নিশ্চিত হবে।’

তিনি আরও বলেন, ‘দেশের জনগণ একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। বিএনপি সেই লক্ষ্যেই রাজনীতি করে এবং জনগণের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মনোনীত সিলেট–৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম তাছলিম আহমদ নেহারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল।

জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।