নির্বাচনের আর বাকি ১ দিন। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর ঠিক আগে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে ভোট গ্রহণ চলাকালে নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুই ঘণ্টা পরপর ভোট প্রদানের হার সংগ্রহ করা হবে। এ তথ্য রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ইসি সচিবালয়ে পাঠানো হবে বলে জানানো হয়।
সোমবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানা যায়। সেখানে বলা হয়, ভোট গ্রহণের দিন সকাল সাড়ে সাতটা থেকে শুরু হবে এই প্রক্রিয়া। এটি জারি থাকবে বেসরকারি ফলাফল পাওয়া পর্যন্ত। ভোট শেষ হওয়ার পর প্রিসাইডিং কর্মকর্তাদের কাছ থেকে প্রাপ্ত ভোট গণনার বিবরণী অনুযায়ী প্রাথমিক বেসরকারি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে প্রকাশ করা হবে।
এদিকে, দেশের ২৯৯টি আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, ‘রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন। স্বীকার করছি ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয় নাই। তরুণ ভোটারদের অন্তর্ভুক্তিতে আইন সংশোধন করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত ১৮ বছর হয়েছে তাদেরই ভোটার করা হয়েছে।’
ইসি সচিব বলেন, ২৯৯ আসনে সব ব্যালট পেপার চলে গেছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি শেষ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিতে যাবেন কেন্দ্রে। সাংবাদিকেরা সৎ তথ্যের ব্যবহার করবেন। তবে অপতথ্য যেন প্রচার না হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় নির্বাচন কমিশন। সবাইকে দায়িত্বশীল হতে হবে। বিদেশি সংবাদকর্মীদের দায়িত্ব পালনের জন্য এই মিডিয়া সেন্টার।
আখতার আহমেদ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার পোস্টাল ভোটের দায়িত্বে থাকবে। পোস্টাল ব্যালট গণনায় সময় বেশি লাগতে পারে। তবে সব কেন্দ্রের ফল ও ব্যালট গণনায় যে সময় লাগবে সেটা দিতে হবে। ফল প্রকাশ দীর্ঘায়িত হবে না।’