প্রকাশিত : ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:১৪ (বুধবার)
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

বিসিএসের ৫০তম আসরের প্রিলিমিনারি পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী। তারা পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পিএসসির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।

গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ- এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।

বর্তমান কমিশনের লক্ষ্য ছিল পরীক্ষা গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা, যাতে চাকরিপ্রার্থীদের দীর্ঘসূত্রতার মুখে পড়তে না হয়। সেই লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ওএমআর প্রযুক্তির সহায়তায় নির্ভুলভাবে উত্তরপত্র মূল্যায়ন শেষে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম দায়িত্ব গ্রহণের পর বিসিএসের সম্পূর্ণ প্রক্রিয়া ১২ মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী মেধাবীদের দ্রুত সময়ের মধ্যে দেশসেবায় যুক্ত করতেই কমিশন নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।

ক্যাডার পদের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে, যেখানে শূন্য পদের সংখ্যা ৬৫০টি। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন এবং শিক্ষা ক্যাডারেও উল্লেখযোগ্য সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে।

পরীক্ষার্থীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (https://bpsc.gov.bd/) থেকে বিস্তারিত ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রাখা হয়েছে।

উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি শিগগিরই পিএসসির ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।