আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ৭টি জরুরি নির্দেশনা সম্বলিত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নগরবাসীকে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসএমপির ৭ দফা নির্দেশনা:
১. নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ: কোনো ভোটার নিজের নির্দিষ্ট নির্বাচনী এলাকার বাইরে অন্য কোনো কেন্দ্রের আশেপাশে ঘোরাফেরা করতে পারবেন না। ভিন্ন এলাকার ভোটারকে কেন্দ্রের আশেপাশে পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
২. ভয়ভীতি দেখালে কঠোর ব্যবস্থা: ভোটারদের ভোটদানে বাধা দেওয়া বা ভয়ভীতি প্রদর্শনের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
৩. ভোট দিয়ে চলে যাওয়া: ভোট দেওয়া শেষ হলে কেন্দ্রের আশেপাশে অহেতুক জটলা বা অবস্থান করা যাবে না।
৪. যানবাহন চলাচল: অননুমোদিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
৫. মুখমন্ডল প্রদর্শন বাধ্যতামূলক: ভোটার শনাক্তকরণের জন্য প্রয়োজনে মুখমন্ডল প্রদর্শন করতে হবে (বোরকা বা মাস্ক সরিয়ে)। এ নিয়ে পরিস্থিতি ঘোলাটে করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
৬. গুজব প্রতিরোধ: উসকানিমূলক বক্তব্যে কান দেওয়া বা যাচাইবিহীন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
৭. সন্দেহভাজন তথ্য: কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে।
তাছাড়া নির্বাচনকালীন সার্বক্ষণিক নাগরিক সুরক্ষার জন্য এসএমপি তাদের জরুরি সেবা অ্যাপ ‘GenieA’ ব্যবহারের পরামর্শ দিয়েছে। পাশাপাশি যেকোনো তথ্যের জন্য হটলাইন নম্বর ০১৩৩৯-৯১১৭৪২-এ সরাসরি যোগাযোগ করা যাবে।