প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:৩৩ (বৃহস্পতিবার)
চার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমির (বিপিএ) ডিআইজি শামীমা বেগমকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি বাসুদেব বনিককে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে (বিপিএ) পদায়ন করা হয়েছে।

এ ছাড়া জাতিসংঘ মিশন থেকে দেশে প্রত্যাগত পুলিশ সুপার জান্নাত আফরোজকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে। নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।