প্রকাশিত : ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:১৪ (বৃহস্পতিবার)
প্রথমবারের মতো নারীদের বিপিএল আয়োজন করছে বিসিবি

ছবি: সংগৃহীত

আইপিএল ও বিগ ব্যাশের আদলে ২০১২ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার নারীদের জন্য আলাদা টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল নারীদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নারীদের বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম আসরে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্লেয়ার্স ড্রাফট পদ্ধতিতে দলগুলো খেলোয়াড় বাছাই করবে। দেশীয় খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগও থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য।

বিশ্বের অন্যান্য বড় টি-টোয়েন্টি লিগের মতো নারীদের জন্য আলাদা প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে বাংলাদেশেও। এর আগে নারীদের আইপিএল, নারীদের বিগ ব্যাশ এবং দ্য হান্ড্রেডে নারীদের পৃথক টুর্নামেন্ট চালু হয়েছে।

নারীদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির পরিচালক রুবাবা দৌলাকে।

বিসিবি কর্মকর্তারা মনে করছেন, নারীদের বিপিএল চালুর ফলে দেশের নারী ক্রিকেটাররা নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে খেলতে পারার মাধ্যমে তাদের দক্ষতা আরও বাড়বে।

উল্লেখ্য, সম্প্রতি ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী দল। বাছাইপর্বের সব ম্যাচ জিতে শীর্ষস্থান নিশ্চিত করে সবার আগে মূল পর্বে জায়গা করে নেয় বাংলার মেয়েরা।

নারীদের বিপিএল চালু হওয়াকে দেশের নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।