সিলেটের ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় (সকাল সাড়ে ১১টা পর্যন্ত) জেলায় গড়ে প্রায় ২০ শতাংশ ভোট পড়েছে। সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সকাল থেকেই সিলেটের বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল মিশ্র। রিটার্নিং কর্মকর্তা জানান, কেন্দ্রভেদে উপস্থিতির হার ভিন্ন। কোথাও ১০ শতাংশ, কোথাও ১২ থেকে ১৫ শতাংশ, আবার কোনো কোনো কেন্দ্রে ১৭ শতাংশ পর্যন্ত ভোট পড়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে গড়ে এই হার ২০ শতাংশের কাছাকাছি।
ভোটার উপস্থিতির এই হার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, “সিলেট অঞ্চলে সাধারণত মানুষ সকালে একটু দেরিতে ভোটকেন্দ্রে আসেন। সেই তুলনায় এখন পর্যন্ত যে ভোটের হার দেখা গেছে, তা মোটামুটি সন্তোষজনক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।” তিনি আশা প্রকাশ করেন, দিন শেষে ভোটের হার ৫০ থেকে ৬০ শতাংশ ছাড়িয়ে যাবে।
এদিকে সকালে ভোটগ্রহণ শুরুর পর নগরী ও তিনটি উপজেলার অন্তত ২১টি কেন্দ্র ঘুরে দেখেছেন সংবাদকর্মীরা। এসব কেন্দ্রে সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বস্তি প্রকাশ করে জেলা প্রশাসক জানান, গতকাল রাতে দু-একটি স্থানে সামান্য উত্তেজনা দেখা দিলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজকের ভোটগ্রহণে কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রার্থী ও ভোটারদের প্রতি সহনশীল আচরণের আহ্বান জানিয়ে মো. সারওয়ার আলম বলেন, “সিলেট জেলার ছয়টি আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু বিজয়ী হবেন ছয়জন। জনগণ যাকে রায় দেবেন, সেই ফলাফল সবাইকে মেনে নিতে হবে। এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে অন্য জেলার মানুষ মনে করে সিলেটে কোনো বিশৃঙ্খলা হয়েছে।”
উল্লেখ্য, এবার সিলেটে মোট ভোটার ২৯ লাখ ১৬ হাজার ৬১০ জন এবং ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৬টি। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।