প্রকাশিত : ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ২০:১৫ (শুক্রবার)
নবীগঞ্জে ভোটকক্ষে বিশৃঙ্খলা, প্রবাসীকে ৫ দিনের কা রা দ ণ্ড

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোটগ্রহণ চলাকালে ভোটকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট ছিঁড়ে ফেলার অভিযোগে এক প্রবাসীকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুল রাসেল ভোটকক্ষে দীর্ঘক্ষণ অবস্থান করেন এবং বের হতে অস্বীকৃতি জানান। এ সময় তিনি ভোটগ্রহণে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং নিজের ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। বেলা ১টার দিকে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেখানে দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।

পরে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকরের জন্য তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

দণ্ডপ্রাপ্ত গোলাম রসুল রাসেল মোস্তফাপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি আহাদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তিনি ভোটকক্ষে দীর্ঘক্ষণ অবস্থান করছিলেন এবং বের হতে চাইছিলেন না। এতে ভোটগ্রহণে বাধা সৃষ্টি হয়। ভোটগ্রহণে জড়িতদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং নিজের ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’

তিনি আরও জানান, ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।