প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:০৬ (বুধবার)
বুধবার দায়িত্ব নিচ্ছেন সিসিকের নবনিযুক্ত প্রশাসক

ছবি: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশন (সিসিক)-এর নবনিযুক্ত প্রশাসক (মেয়রের দায়িত্ব) আব্দুল কাইয়ুম চৌধুরী বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি সিলেট সিটি করপোরেশন–এর কার্যালয়ে প্রশাসকের দায়িত্বভার বুঝে নেবেন।

এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলমের পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, দায়িত্ব গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মতবিনিময়ে সিলেট সিটি করপোরেশনের সার্বিক কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে কথা বলবেন বলে জানা গেছে।

নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সিলেট সিটি করপোরেশনের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নগরবাসীর সেবা, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন প্রশাসকের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন স্থানীয়রা।