প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:০১ (মঙ্গলবার)
জাতীয় দলের খেলোয়াড়দের বেতন দেবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

জাতীয় দলে সুযোগ পাওয়া ফুটবলারদের বেতন দেবে সরকার। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাফুফের নির্বাহী কমিটির সঙ্গে আলোচনার পর তিনি জানান, আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে এবং ফুটবলে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘হামজা চৌধুরীসহ বেশ কিছু খেলোয়াড় আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে খেলছেন। এটি আমাদের ফুটবলকে সমৃদ্ধশালী করেছে। এই জাগরণকে ধরে রেখে কীভাবে আরও এগোতে পারি, তা নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি আরও জানান, ‘মেয়ে ফুটবলারদের পারফরম্যান্স অত্যন্ত ভালো। তাদের উৎসাহিত করতে হবে। একই সঙ্গে পুরুষ ফুটবলারদেরও উৎসাহ দিতে চাই। যেসব খেলোয়াড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তাদের সবাইকে বেতন কাঠামোর মধ্যে আনা হবে।’

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ফিফার অনুদান নিয়ে সরকার তিনটি স্টেডিয়াম- কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম- আনুষ্ঠানিকভাবে ফুটবল ফেডারেশনের কাছে চুক্তির মাধ্যমে হস্তান্তর করবে।

তিনি বলেন, ‘স্টেডিয়ামগুলোর সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নে ফিফার অনুদান ব্যবহার করা হবে, যাতে খেলোয়াড় এবং দর্শকদের জন্য উন্নত পরিবেশ তৈরি করা যায়।’