প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৯:৩৬ (বৃহস্পতিবার)
স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে

ছবি: সংগৃহীত

গত বছরের স্থগিত থাকা প্রাথমিক বৃত্তি পরীক্ষা চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণের হার নির্ধারণ করা হয়েছে ৮০ শতাংশ এবং বেসরকারি তথা কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ। পাশাপাশি আগামী বছর থেকে বৃত্তির মাসিক অর্থের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছে মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ২১ হাজার ৪৯৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩৭ হাজার ২৬১ জন।

এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির সংখ্যা ২২ হাজার ৩৬০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০৮ জন বলে জানান শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করা। বৃত্তির পরিমাণ বৃদ্ধি এ লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।