ছবি: ইমজা নিউজ
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)-এর কার্যালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি সংগঠনের উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইমজার সভাপতি আশরাফুল কবীর, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু, সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, মাহবুবুর রহমান রিপন, সজল ছত্রী, সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, গোলজার আহমেদসহ বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা।
শুভেচ্ছা বিনিময় সভায় এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, ‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে।’ নির্বাচনী সময়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি সকল সাংবাদিককে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ‘সিলেট-৬ আসনের সার্বিক উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতিতে তিনি নিরলসভাবে কাজ করবেন।’ এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
পরে এমপি এমরান আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ইমজার শুভাকাঙ্ক্ষী সদস্য পদ গ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ইমজার নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভবিষ্যতেও জনস্বার্থে ইতিবাচক ও গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত থাকবে এবং উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে ইমজা সক্রিয় ভূমিকা পালন করবে।