প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ২১:৫১ (শুক্রবার)
অধিনায়কত্ব হারাতে পারেন রশিদ খান

ছবি: রশিদ খান

বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে আলোচনায় থাকা আফগানিস্তান ক্রিকেট দল এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে। চলমান আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। এই হতাশাজনক ফলাফলের পর দলটির অধিনায়ক রশিদ খান-এর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে।

আফগান সংবাদমাধ্যম ‘আমু টিভি’ জানিয়েছে, বিশ্বকাপে ব্যর্থতার কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড অধিনায়কত্বে পরিবর্তনের কথা ভাবছে। রশিদের পরিবর্তে নতুন অধিনায়ক হিসেবে এগিয়ে রয়েছেন ওপেনার ইব্রাহিম জাদরান।

২০১৯ সালে প্রথমবারের মতো আফগানিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান রশিদ খান। তার নেতৃত্বে দলটি মোট ৪৮টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২৬টিতে জয় এবং ২১টিতে পরাজয়ের মুখ দেখেছে আফগানিস্তান।

জানা গেছে, বিশ্বকাপ শুরুর আগেই রশিদকে সরানোর একটি পরিকল্পনা ছিল বোর্ডের। তবে বড় টুর্নামেন্ট সামনে থাকায় সে সময় সিদ্ধান্তটি বাস্তবায়ন করা হয়নি। এবার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।

রশিদের বিকল্প হিসেবে ইব্রাহিম জাদরানের পাশাপাশি রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই-এর নামও আলোচনায় এসেছে। তবে আজমতউল্লাহ ওমরজাই নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী নন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এদিকে বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে, আসন্ন সিরিজের আগেই আফগানিস্তান দলের নতুন অধিনায়ক ঘোষণা করা হতে পারে।