প্রতীকী ছবি
সিলেট নগরীর খারপাড়া মিতালী আবাসিক এলাকায় একটি বাসায় প্রবেশ করে চুরির চেষ্টার অভিযোগে তৃতীয় লিঙ্গের একজনকে আটক করেছে পুলিশ। নগরীর কোতোয়ালী মডেল থানাধীন এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে খারপাড়া মিতালী আবাসিক এলাকার ১৫ জি নম্বর বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ খান মুহাম্মদ মাইনুল জাকিরের দিকনির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
আটককৃত ফজল প্রকাশ ফজিলা (৪৪) সিলেট জেলার, শাহপরাণ থানার, মুক্তিরচক এলাকার বাসিন্দা।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তিনি বোরকা পরে সিলেট শহরের বিভিন্ন আবাসিক এলাকায় প্রবেশ করে মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী চুরি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিকেলে খারপাড়া মিতালী আবাসিক এলাকার একটি বাসায় কৌশলে প্রবেশ করে চুরির সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।