প্রকাশিত : ০১ মার্চ, ২০২৬ ১৫:৩৯ (রবিবার)
সিলেট বিভাগের ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনিয়ম: তদন্তে মন্ত্রণালয়

প্রতীকী ছবি

সিলেট বিভাগের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের তথ্য উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনে। ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত পরিদর্শন ও তদন্তের ভিত্তিতে প্রকাশিত তালিকায় এসব প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

রোববার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারাদেশের মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে সিলেট বিভাগের ৯টি প্রতিষ্ঠান রয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে জাল বা ভুয়া সনদ, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর সংক্রান্ত বিভিন্ন আর্থিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।

তালিকায় থাকা সিলেট বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, কুলাউড়া উপজেলার সরকারি কলেজ, লক্ষ্মীপুর মিশন উচ্চ বিদ্যালয়, বড়লেখার কেছরীগুল উচ্চ বিদ্যালয়, তালিমপুর বাহারপুর উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের দি বাডস রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সিলেট জেলার কানাইঘাট উপজেলার জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া দাখিল মাদ্রাসা, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জে ডি এম জগদানন্দ দাস মোহন্ত উচ্চ বিদ্যালয় এবং হবিগঞ্জ সদর উপজেলার কবির কলেজিয়েট একাডেমি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস এবং প্রতিষ্ঠান প্রধানদের ই-মেইলে পাঠানো হয়েছে।

যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান প্রকাশিত তালিকায় থাকা সত্ত্বেও প্রতিবেদন ই-মেইলে না পেয়ে থাকে, তবে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান লেটারহেডে আবেদন করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ই-মেইলে পাঠালে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন সরবরাহ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।